ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভারতের পঞ্চম না ইংল্যান্ডের দ্বিতীয়

ভারতের পঞ্চম না ইংল্যান্ডের দ্বিতীয়
×

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৩২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৩২

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। ১৪ আসরের ৮টিতে ফাইনাল খেলেছে তারা, এর মধ্যে ট্রফি জিতেছে চারবার। এবার নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলছে তারা। ক্রিকেটের আরেক কুলীন দেশ ইংল্যান্ড কিন্তু যুব বিশ্বকাপে ততটা সফল নয়। ১৯৯৮ সালে একবারই ফাইনাল খেলেছিল এবং একমাত্র শিরোপাটিও জিতেছিল তারা। ২৪ বছর পর আবার ফাইনালে এসেছে তারা।

ফাইনালের দু’দিন আগে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেছিল ভারতের যুবারা। জ়ুম মিটিংয়ের মাধ্যমে কোহলির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, যিনি এই মুহূর্তে দলের সঙ্গেই রয়েছেন অ্যান্টিগায়। ২০০৮ সালে ভারতীয় দলকে যুব বিশ্বকাপ জেতানো কোহলির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে চাঙ্গা ভারতীয় শিবির।  

ইংল্যান্ড দলও অন্যতম শক্তিশালী। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে হারের মুখ থেকে ফিরে এসেছে ইংল্যান্ড। তার মূল কারণ ব্যাটিং বিপর্যয়। অধিনায়ক টম প্রেস্ট রান না পাওয়ায় দ্রুত উইকেট হারায় তারা। প্রেস্টই তাদের ব্যাটিং বিভাগের স্তম্ভ। এখন পর্যন্ত ২৯২ রান করেছেন এই প্রতিযোগিতায়। বাঁহাতি পেসার জোশুয়া বোডেন পেয়েছেন ১৩টি উইকেট।

ইংলিশ দলে রয়েছেন রেহান আহমেদও। ইংল্যান্ডের এই লেগস্পিনার বিস্মিত করেছেন যুব ক্রিকেটারদের। তার মূল শক্তি গুগলি।  রান আটকানোর ক্ষেত্রে ইংল্যান্ডের প্রধান অস্ত্র রেহান। মাত্র ১৩ বছর বয়সে ইংল্যান্ডের নেটে বল করতে গিয়ে বেন স্টোকস, অ্যালিস্টার কুককে আউট করেছিলেন তিনি। আজ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে ট্রফি তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে নামছেন রেহানও।

আরও পড়ুন

×