ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

পাণ্ডব ছাড়া জিতেছি, তাই বেশি খুশি: নাফিসা কামাল

পাণ্ডব ছাড়া জিতেছি, তাই বেশি খুশি: নাফিসা কামাল
×

বিপিএল শিরোপা জিতে উচ্ছ্বসিত কুমিল্লার কর্ণধার নাফিসা কামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০১:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৬

তৃতীয়বার বিপিএল শিরোপা জিততে পেরে দারুণ খুশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারপারসন নাফিসা কামাল। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক ইমরুল কায়েসের অধিনায়কত্বের প্রশংসা করেছেন তিনি। 

পঞ্চপাণ্ডবের কেউই এবার ছিলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। প্রথমবারের মত বিপিএলের শিরোপা জেতা দলে ছিলেন না দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত ক্রিকেটারদের কেউ। নিজেদের তৃতীয় শিরোপা জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল জানালেন, আগামী মৌসুমেও পঞ্চপাণ্ডব ছাড়াই দল সাজাবেন তারা।

অন্যান্য দল পঞ্চপাণ্ডবদের টার্গেট করে রাখলেও সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে নেয়নি কুমিল্লা। এমনকি তাদের নেওয়ার জন্য তোড়জোড়ও ছিল না। তাদের কাউকে ছাড়াই শিরোপা জয়ের পর আবারও পঞ্চপাণ্ডবের প্রসঙ্গ ওঠায় যেন একটু অবাকই হলেন নাফিসা।

আগামী মৌসুমে এবারের মতই দল সাজানো হবে, নাকি পঞ্চপাণ্ডবের দিকে হাত বাড়ানো হবে- এমন প্রশ্নের জবাবে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সেটা তো বলা যায় না এখনই। পাণ্ডব কী? আমাদের ডিকশনারিতে পাণ্ডবই নেই। এখনও পাণ্ডব নিয়ে কথা বলেন আপনারা? আজকের পরও?'

শিরোপা জিতে নাফিসা কামাল বলেন, 'আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোনো পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল (মিনিস্টার গ্রুপ ঢাকা), রানার্সআপ দলেও ছিল একজন (সাকিব)। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।'

এবার কুমিল্লায় বিদেশি ক্রিকেটারদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন তারকা। ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইনের মত ক্রিকেটাররাই দলের শক্তি বাড়াবেন, আগে থেকেই ছিল এমন পরিকল্পনা।

নাফিসা জানান, ‘বিপিএলে আমরা খুব অল্প সময় পাই। এক মাসের মধ্যে একটা পরিবার তৈরি করতে হয়। আমাদের লক্ষ্যই ছিল বিদেশি যারা আসবে ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন হবে’

এদিকে, ফাইনাল হারলেও পরের মৌসুমে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, প্লেয়াররা সর্বোচ্চ চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। ক্রিকেট নিয়ে সামনে আমাদের আরও পরিকল্পনা আছে।

আমরা প্লেয়ার হান্টিংয়ে যাবো, বিভাগীয় বা জেলা পর্যায়েও প্লেয়ার হান্টিংয়ের পরিকল্পনা আছে আমাদের। আমরা স্কুল পর্যায়েও প্লেয়ার হান্ট শুরু করবো বলে পরিকল্পনা আছে। এমনকি বরিশালে ওয়ার্ড পর্যায় থেকেও খেলোয়াড় বের করার পরিকল্পনা আমাদের।

আরও পড়ুন

×