ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে: এমপি ফয়সল

মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে: এমপি ফয়সল
×

ছবি: সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৬:১৪

মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে উন্নত, নিরাপদ ও আধুনিক জনপদে পরিণত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ, হাওর, পাহাড় ও চা-বাগানে সমৃদ্ধ এ জনপদের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। 

শুক্রবার সকালে মাধবপুরের রতনপুর এলাকায় এলাকাবাসীর আয়োজনে ঈদ-পরবর্তী ‘প্রীতি উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রতনপুর-নোয়াপাড়া-মাদারগড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এমপি ফয়সল বলেন, ‘আগের সরকারের আমলে উন্নয়নের চেয়ে কথার ফুলঝুরি ও দুর্নীতিই বেশি হয়েছে। বর্তমান সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। সমাজের অভিজ্ঞ ও সচেতন মানুষের পরামর্শের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, গত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে সরকারের অনুদান প্রকৃত উপকারভোগীদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ঈদ বা অন্য যেকোনো ধর্মীয় উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এই সম্প্রীতির চেতনাকে সব সময় ধারণ করতে হবে। সমাজে কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে সুপথে ফিরিয়ে আনা শুধু রাষ্ট্রের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। 

তিনি বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রতিটি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। এখন আমার প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করা। 

নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে এমপি ফয়সল বলেন, ‘আমি কাজের মধ্যেই মানসিক শান্তি খুঁজে পাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম এবং ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।

আরও পড়ুন

×