টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে নিখোঁজ কিশোর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০২:৩১
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম হাউসবোট থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য সুনামগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
