হাজারো মাইল দূরত্বে রিমোট রোবটিক সার্জারি
.
মুস্তাফা তৌহিদ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ০০:৪৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ১০:৪৩
চিকিৎসাবিজ্ঞান কোথায় পৌঁছে গিয়েছে আজ। প্রতিমুহূর্তে চমকে দিচ্ছে প্রযুক্তির নিত্যনতুন আচরণ। এবার চীনের চিকিৎসকরা জন্ম দিলেন অবিশ্বাস্য ঘটনা। চিকিৎসাবিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতির খবর এখন প্রায়ই শিরোনামে জায়গা করে নেয়।
স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে হাজারো কিলোমিটার দূরত্বে বসে সফলভাবে রোবটিক সার্জারি করলেন চীনের কয়েকজন চিকিৎসক। এমন উদ্যোগ ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় সারাবিশ্বে বিপ্লবের সূচনা করবে বলে গবেষকরা মন্তব্য করেছেন। পিএলএ জেনারেল হসপিটালের অধ্যাপক রং লিউয়ের নেতৃত্বে বিশেষ দলটি লাসার অপারেটিং সেন্টার থেকে বেইজিংয়ের দুজন রোগীর জটিল লিভার সার্জারি করে ফেললেন। প্রথমবার স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যবহার করে এই ধরনের দীর্ঘ-দূরত্বের অস্ত্রোপচার সফলভাবে পরিচালনার দৃষ্টান্ত গড়ল; যা প্রত্যন্ত, সুবিধাবঞ্চিত বা দুর্যোগপ্রবণ এলাকায় অস্ত্রোপচারের বড় ধরনের চ্যালেঞ্জ সামলে নেওয়ায় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ফাইভজি টেলিসার্জারি দূরত্ব ও পরিকাঠামোয় সীমাবদ্ধ। সাধারণত কয়েক হাজার কিলোমিটারের মধ্যে স্থলজ নেটওয়ার্কের ওপর নির্ভরশীল।
স্যাটেলাইট প্রযুক্তির কল্যাণে সারাবিশ্বে হাই ল্যাটেন্সি পরিষেবা পাওয়া যায়। ছয়শ মিলিসেকেন্ডের বেশি অস্ত্রোপচারের নির্ভুলতার জন্য প্রয়োজনীয় দুইশ মিলিসেকেন্ডের নিখুঁত ল্যাটেন্সি। তবে এমন নেটওয়ার্কের বাধা কাটাতেই লিউয়ের প্রতিনিধি দল তিনটি পদ্ধতির উদ্ভাবন করে।
অ্যাডাপ্টিভ ল্যাটেন্সি
বিলম্বিত-এরর সিঙ্ক্রোনাইজেশন এবং নিউরাল নেটওয়ার্কের পূর্বাভাস দেওয়া। এই সিস্টেমে রোবটিক আর্ম এরর ৬৩২ মিলিসেকেন্ড ল্যাটেন্সির মধ্যে মাত্র ০.৩২ মিমিতে রাখে। ফলে সরাসরি অস্ত্রোপচারে কোনো দূরত্ব বোধ হয় না।
ডুয়াল-লিঙ্ক রিডানডেন্সি
বিশেষ কারণে যদি স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ২৮০ মিলিসেকেন্ডের মধ্যে ফাইভজি ব্যাকআপে সুইচ করে। অন্যদিকে, রোবটিক সব ধরনের আর্মকে নিরাপদ বিরতিতে (হোল্ডে) সুরক্ষিত রাখে।
ডায়নামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন
সার্জিক্যাল কমান্ড ও ইমেজিংকে অগ্রাধিকার দেওয়া হয় এই পদ্ধতিতে। ফুল এইচডি ভিডিওর মান বজায় রেখে ব্যান্ডউইথের চাহিদা ৬২ শতাংশ কমিয়ে আনা হয়। ফলে সময়ের কোনো ব্যবধান অনুভূত হয় না।
পৃথিবীর ভূখণ্ড থেকে ৩৬ হাজার কিলোমিটার ওপরের কক্ষপথে অ্যাপস্টার সিক্স-ডি স্যাটেলাইটের মাধ্যমে এই অস্ত্রোপচার পরিচালিত হয়। সার্জনরা ৬৮ বছর বয়সী রোগীর লিভার ক্যান্সারের সঙ্গেই ৫৬ বছর বয়সী রোগীর হেপাটিক হেম্যানজিওমা আক্রান্ত ব্যক্তির সফল অস্ত্রোপচার করেছেন। দুটি অস্ত্রোপচার করতে গড়ে ১০০ থেকে ১২৪ মিনিট সময়ের প্রয়োজন হয়। রক্তক্ষরণ ছিল প্রায় নামমাত্র (স্রেফ ২০ মিলি)। আর এতে কোনো বড় ধরনের জটিলতা হয়নি। দুজন রোগীকেই ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাসেবায় এমন সাফল্য আগের দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই হয়েছে।
যার মধ্যে রয়েছে ২০২৪ সালে প্রোস্টেট রিমুভাল। যেখানে ডা. ঝাং জু রোম থেকে বেইজিং পর্যন্ত মাত্র ১৩৫ মিলিসেকেন্ড ল্যাটেন্সি নিয়ে অপারেশন সম্পন্ন করেন।
এমন অগ্রগতি সার্জিক্যাল রোবটের কাজের পরিসর পাঁচ হাজার কিলোমিটার থেকে দেড় লাখ কিলোমিটারের বেশি বাড়িয়েছে। যার ফলে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল, যুদ্ধাঞ্চল এমনকি জনবিচ্ছিন্ন অঞ্চলেও জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রাখা সম্ভব করবে।
