ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃত্রিম মেধা

ক্লিক থেকেই তৈরি হবে ইনস্টা রিস্টাইল ছবি

ক্লিক থেকেই তৈরি হবে ইনস্টা রিস্টাইল ছবি
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১১:১৯

ইনস্টা স্টোরিতে ছবি আপলোড করতে গিয়ে অনেক সময়ই মনে হয়, ছবিটা আরেকটু সম্পাদনা (এডিট) করলে ভালো লাগত। এর আগে এ জন্য আলাদা ফটো এডিটর অ্যাপে যেতে হতো। কিন্তু এখন আর সেই ঝামেলা থাকল না। ইনস্টাগ্রামের নতুন রিস্টাইল ফিচারের মাধ্যমে স্টোরি আপলোডের সময়েই ছবি এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে নতুন এলিমেন্ট যোগ করা, এমনকি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেওয়ার সুবিধা পাওয়া যাবে এই ফিচারে।

রিস্টাইল অপশনটি ব্যবহার করতে হলে ইনস্টা স্ক্রিনের বাঁ দিকে ওপরের প্লাস চিহ্নে ট্যাপ করে স্টোরি আপলোডের প্রক্রিয়া শুরু করতে হবে। ছবি নির্বাচনের পর স্ক্রিনে যে পেন্ট ব্রাশের মতো আইকনটি দৃশ্য হবে, এটিই হবে রিস্টাইল বাটন। সেখানে ট্যাপ করলেই এআই ঘরানার এডিটিং অপশন সামনে চলে আসবে। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী ছবির লুক বদলে নিতে পারবেন। এতে কোনো থার্ড পার্টি অ্যাপ লাগবে না। ফিচারটি একেবারে নতুন নয়।

এর আগে মেটার ইন্টিগ্রেটেড এআই চ্যাটবটে এ ধরনের রিস্টাইল সুবিধা পাওয়া যেত। এবার সেই একই প্রযুক্তি সরাসরি ইনস্টাগ্রাম স্টোরি আপলোডের সঙ্গে যুক্ত করা হলো। ফলে ছবি সম্পাদনা করা এবং তা শেয়ার করার পুরো প্রক্রিয়াই করা যাবে দ্রুত ও সহজে। বিশেষ করে যারা নিয়মিত কনটেন্ট নিয়ে কাজ করেন, তারা এই চমৎকার সুবিধা নিতে পারবেন। এই সময়ের সামাজিক মাধ্যমের ট্রেন্ডে থাকতে দ্রুত ছবি ও ভিডিও আপলোড করা প্রধান কাজ। এমন প্রয়োজন বিবেচনা করে ইনস্ট্যান্ট এডিটিং ফিচার আনা হয়েছে বলে প্রযুক্তি বিশেষজ্ঞের ধারণা।

অন্যদিকে, গুগল ফটোজের হেল্প মি এডিট ফিচারে প্রায় একই ধরনের সুবিধা পাওয়া যায়। ছবি আপলোডের সময়েই তা সম্পাদনার কাজ করার সুযোগ করে দিয়েছে কৃত্রিম মেধা।

আরও পড়ুন

×