তারুণ্যের চাহিদা ডুয়াল ডিসপ্লে
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৬
বাংলাদেশে নতুন স্মার্টফোন মডেল এ৩০০প্লাস উন্মোচন করা হয়েছে। নির্মাতা আইটেল মধ্যম বাজেট ক্যাটেগরিতে প্রথম ডুয়াল-স্ক্রিন অভিজ্ঞতা সামনে এনেছে। মডেলের পেছনে রয়েছে বিশেষ ডিসপ্লে, যা স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা।
স্টাইলিশ ডিজাইনের সঙ্গে এতে রয়েছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আইপি৬৫ পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং সব স্মার্ট ফিচার। তরুণদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে সাশ্রয়ী দামে মডেলটি আনা হয়েছে। নির্মাতা বলছে, মডেলের আকর্ষণীয় ফিচার হলো এর পেছনে থাকা ২.০১ ইঞ্চির ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। এটি এআই ডুয়াল ভিশন ডিসপ্লে নামে পরিচিত।
এই ডিসপ্লে থেকে মূল স্ক্রিন চালু না করে বেশ কিছু জরুরি কাজ করা যাবে। পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় নিজের ছবি দেখে ফ্রেম ঠিক করা, মেসেজ ও নোটিফিকেশন দেখা ও গান চালু বা পরিবর্তন করা যাবে সহজেই। অন্যদিকে নিজের পছন্দের ঘড়ি, ছবি কিংবা কিছু ডিজাইন ব্যবহার করে পেছনের স্ক্রিনটি সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। জানানো হয়, পেছনের বিশেষ ডিসপ্লের সঙ্গে এতে থাকছে ৬.৭৮ ইঞ্চির বড় পাঞ্চ-হোল ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর ফলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেম খেলা বা ভিডিও দেখার সময় স্ক্রলিং হবে স্মুথ এবং টাচ রেসপন্স পাওয়া যাবে দ্রুত। এর ব্যাটারি সর্বোচ্চ ১২০০ চার্জিং সাইকেল সমর্থন করে। এতে থাকা এআই চার্জিং প্রটেকশন চার্জিং নিয়ন্ত্রণ করে সক্ষমতা বাড়ায়। স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তি এর অ্যাপের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করা সম্ভব।
- বিষয় :
- স্মার্টফোন