নিরাপত্তা ঝুঁকির কারণ ডিজিটাল অবহেলা
আবিদ রায়হান
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৭
পরিবার-পরিজনের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, জন্মদিন উদযাপন বা সন্তানের স্কুলের প্রথম দিন– ভেবে দেখুন তো, কে না এই বিশেষ সব দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি? মনে হতেই পারে, এই পোস্ট করার মধ্যে সমস্যা নেই তো। কিন্তু সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত এটি ক্ষতিকর নয়– এমন সব পোস্ট থেকেই ব্যক্তিগত পরিচয় বা বর্তমান অবস্থান সম্পর্কে এমন অনেক তথ্য সহজে বেরিয়ে আসতে পারে, যার কারণে যে কেউ সাইবার অপরাধের শিকার হতে পারেন।
ডিজিটাল ফুটপ্রিন্ট এখন ডিজিটাল দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো, অনেকে আদতে বুঝতেই পারছেন না, এসব পোস্ট থেকে তারা ব্যক্তিগত অনেক তথ্য অজ্ঞাতে তুলে দিচ্ছেন সাইবার চক্রের হাতে।
সাইবার থ্রেট রিপোর্ট থেকে জানা গেছে, সাইবার অপচক্র এখন যে কোনো সময় পরিচিত ছবি, নাম ও অন্য তথ্য ব্যবহার করে ফেক প্রোফাইল তৈরি করছে। সেই অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির বন্ধুবান্ধব বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার সুযোগ তৈরি করছে।
সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যে কোনো তথ্যনির্ভর পোস্ট করা থেকে বিরত থাকবেন।
যেমন– ব্যক্তিগত ইমেইল, ফোন নম্বর, বাড়ি বা কর্মস্থলের ঠিকানা, লাইভ লোকেশন এবং রিয়েল টাইম চেক-ইন, বেড়ানোর পরিকল্পনা ও ছুটির দিনের সফরসূচি। এ ছাড়া এসব তথ্য না জানানোই শ্রেয়। এর মধ্যে হোটেল বুকিং ডিটেইল, বোর্ডিং পাস, টিকিট এবং এনআইডি কার্ড, ব্যক্তিগত পরিচয়পত্র, আর্থিক তথ্য এবং লেনদেনের স্ক্রিনশট, ছেলেমেয়ের স্কুল, যাতায়াতের পথের তথ্য, ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো স্পর্শকাতর তথ্য। এসব তথ্য অনেকে সহজে শেয়ার করে বসেন। ডিজিটাল অসাবধানতার কারণে আর্থিক বা আইনি জটিলতা তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, শিশু-কিশোরের ছবির ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে অভিভাবকদের।
কারণ, ইউনিফর্ম পরিহিত শিশুর ছবি থেকে স্কুলের নাম ও ঠিকানা সহজেই শনাক্ত করা যায়। আজ হয়তো একে সাধারণ তথ্য মনে হতে পারে। কিন্তু তা ভবিষ্যতে ওই শিশু-কিশোরের স্থায়ী ডিজিটাল আইডেন্টিটি হয়ে উঠতে পারে।
তাই যে কোনো পোস্ট করার আগে নিজেকে সাবধান করতে হবে। যেন পোস্ট থেকে কোথায় আছেন, তা প্রকাশ না পায়। কার সঙ্গে রয়েছেন, তা জানানো সমুচিত নয়। এমন কয়েকটি সহজ প্রশ্ন থেকে নিজেকে সম্ভাব্য বিপদ থেকে সরিয়ে আনা সম্ভব।
বিশ্বের কমবেশি সব দেশে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট ব্যক্তিগত ডেটা দায়িত্বের সঙ্গে ব্যবহারের ওপরে গুরুত্ব দেয়।
এ ছাড়া সম্মতি ছাড়া অন্যের তথ্য প্রকাশ, হেয়প্রতিপন্ন করা, মানহানি বা ছদ্মবেশ নেওয়ার জন্য কঠোর আইনের মুখোমুখি হতে পারেন যে কেউ।
এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পোস্ট সেটি, যা শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করবেন– এই তথ্য সাইবার জগতে প্রকাশের কি আদতে কোনো প্রয়োজন আছে? উত্তর না থাকলে এড়িয়ে চলার পথ বেছে নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
- বিষয় :
- ডিজিটাল