ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গ্যাজেট ফিউশন

অকেজো ফোনের ক্যামেরা দিয়েই ওয়েবক্যামের কাজ

অকেজো ফোনের ক্যামেরা দিয়েই ওয়েবক্যামের কাজ
×
×

সাদি সাবেরিন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৯

বাসায় পড়ে রয়েছে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন। অব্যবহৃত রয়ে গেছে। ফোনটি অকেজো না রেখে এবার সেটিই কাজে লাগতে পারে ল্যাপটপ বা পিসির ওয়েবক্যাম ডিভাইস হিসেবে। নতুন করে ওয়েবক্যাম কেনার প্রয়োজন নেই। এসব ফোনের ক্যামেরার মান অনেক সময় সাধারণ ল্যাপটপের বিল্টইন ওয়েবক্যামের তুলনায় বেশ ভালো মানের হয়। 

ভিডিও কল, অনলাইন মিটিং বা অন্য কোনো কাজে পুরোনো ফোনকে ক্যামেরা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে এই সুবিধা নিতে কয়েকটি বিষয় আগে যাচাই করতে হবে। মাইক্রোসফটের এই ফিচার ব্যবহার করতে পিসিতে উইন্ডোজ ১১ সংস্করণ বা তার পরবর্তী সংস্করণ ও ফোনে অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ বা তার পরের সংস্করণ থাকা আবশ্যক। তা ছাড়া ফোনে লিঙ্ক-টু-উইন্ডোজ অ্যাপের প্রয়োজন পড়বে।

রূপান্তর হবে যেভাবে

মাইক্রোসফটে সাপোর্ট তথ্য বলছে, প্রথমে উইন্ডোজ ১১ সংস্করণের পিসিতে সেটিংস থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস হয়ে মোবাইল ডিভাইস অপশনে যেতে হবে। সেখানে অ্যাড ডিভাইস অপশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনটি পিসির সঙ্গে কানেক্ট করতে হবে। পিসি ও ফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকা প্রয়োজন।

এরপর পিসির স্ক্রিনে কিউআর কোড দৃশ্যমান হবে। ফোনে লিঙ্ক-টু-উইন্ডোজ অ্যাপ খুলে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে। প্রয়োজনীয় অনুমতি সক্রিয় করে ফোন ও পিসির সংযোগ সম্পূর্ণ করতে হবে।

ফোনটি একবার যুক্ত হয়ে গেলে পিসির মোবাইল ডিভাইস সেটিংসে গিয়ে সংশ্লিষ্ট ফোনটি নির্বাচন করতে হবে। সেখানে ইউজ অ্যাজ কানেক্টেড ক্যামেরা অপশন সক্রিয় করলেই ফোনের ক্যামেরা উইন্ডোজের কাছে এটি ক্যামেরা হিসেবে পরিচিত হবে।

এরপর জুম, টিমস বা অন্য কোনো ভিডিও কলের অ্যাপের ক্যামেরা সেটিংসে গিয়ে ফোনটি ক্যামেরা হিসেবে নির্বাচন করতে হবে। 

উইন্ডোজের ক্যামেরা সেটিংস থেকেও সংযুক্ত ক্যামেরা দেখা ও প্রিভিউ করা যায়।

ভিডিও কলে ল্যান্ডস্কেপ

ফোনটি ব্যবহার করার সময় এমন জায়গায় রাখতে হবে যেন ক্যামেরার ফ্রেম ঠিক থাকে। ভিডিও কলের ক্ষেত্রে ফোনটি ল্যান্ডস্কেপ মোডে রাখলে সাধারণত ফ্রেম বেশি ব্যবহারযোগ্য হবে। দীর্ঘ সময় ভিডিও কল করলে ব্যাটারি দ্রুত কমতে পারে। তাই সম্ভব হলে ফোনটি চার্জে রাখলে ভালো হবে।

আরেকটি জরুরি বিষয় হলো ক্যামেরা পারমিশন। ফোনে ক্যামেরা ব্যবহারের অনুমতি না দিলে পিসিতে অনেক সময় ভিডিও ফিড নাও দৃশ্যমান হতে পারে। সে ক্ষেত্রে ফোনের লিঙ্ক-টু-উইন্ডোজ অ্যাপের ক্যামেরা অনুমতি পরীক্ষা করে আবার সংযোগ করতে হবে। এর অর্থ, আলাদা ওয়েবক্যাম কেনার আগে বাসায় পড়ে থাকা পুরোনো অ্যান্ড্রয়েড ফোনকে একবার কাজে লাগানোর চেষ্টা তো করা যেতেই পারে। 

আরও পড়ুন

×