বেসিস সফটএক্সপো ৬ ফেব্রুয়ারি থেকে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:২৯
আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী 'বেসিস সফটএক্সপো ২০২০'। পরিবর্তিত জীবনযাত্রায় উদ্ভাবন স্লোগানে চার দিনব্যাপী এই মেলার আয়োজক দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস)।
বেসিসের উদ্যোগে ১৬তম এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহসভাপতি (অর্থ) ও বেসিস সফটএপপোর আহ্বায়ক মুশফিকুর রহমান। মেলার প্লাটিনাম স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের সিটিও আবুল কাশেম খান, সিলভার স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-ইউসিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য। এতে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার আহ্বায়ক এবং বেসিসের সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বলেন, প্রদর্শনী এলাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য দেবেন শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। ইন্ডাস্ট্রি ও এপপেরিয়েন্স জোন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। রয়েছে ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন, ফিনটেক জোন, উইম্যান জোন এবং বরাবরের মতো রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন।
দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য থাকছে বিটুবি ম্যাচমেকিং সেশন। এ আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীরা বিদেশি ক্রেতাদের সামনে নিজেদের পণ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন ও দ্বিপক্ষীয় চুক্তি করতে পারবেন। এ বছর সুইডেন, জাপান ও নেদারল্যান্ডস থেকে ব্যবসায়ী প্রতিনিধি দল বিটুবি ম্যাচমেকিং সেশনে অংশ নেবে। পাশাপাশি অন্য খাত থেকে বেসিস সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে বিটুবি সেশন সম্পন্ন করা প্রতিষ্ঠানের মধ্য থেকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে বেসিস টপ টেন ডিজিটাল-রেডি কোম্পানির সম্মাননা দেওয়া হবে। দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। পাশাপাশি ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রজেক্ট শোকেসিং, যাদের মধ্যে প্রথম তিনটি ইনোভেটিভ প্রজেক্টকে পুরস্কৃত করা হবে। থাকছে দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে সিএপও লিডারশিপ মিট। পাশাপাশি প্রতিদিনই থাকছে কনসার্ট। অনলাইনে কিংবা সরাসরি ভেন্যুতে নিবন্ধন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাবে। মেলা উদ্বোধন হবে ৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায়। উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত হবে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নিবন্ধনসহ বিস্তারিত জানা যাবে https://softexpo.com.bd ঠিকানায়।
- বিষয় :
- বেসিস সফটএক্সপো
