বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
কম্পিউটিং প্রযুক্তির বিশ্ব লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীন। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের লাইনশাইন এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার। শেনজেনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে স্থাপিত এই কম্পিউটার এবারই প্রথম বিশ্বের সেরা ৫০০ সুপারকম্পিউটারের (টপ৫০০) তালিকায় জায়গা পেয়েই সরাসরি ১ নম্বরে উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত আইএসসি ২০২৬ সম্মেলনে এই তালিকার ৬৭তম সংস্করণ ঘোষণা করা হয়।
নতুন তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত সুপারকম্পিউটার এল ক্যাপিটান। চীনের লাইনশাইনের কম্পিউটিং গতি এল ক্যাপিটানের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসি ও ইলিনয়ের দুটি সুপারকম্পিউটার এবং পঞ্চম স্থানে রয়েছে জার্মানির একটি সিস্টেম। এ ছাড়া ইতালি, সুইজারল্যান্ড ও জাপান বিশ্বের সেরা ১০-এর তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
বর্তমানে বিশ্বের অধিকাংশ সুপারকম্পিউটারে বিশেষায়িত গ্রাফিকস প্রসেসর বা জিপিইউ ব্যবহার করা হয়। কিন্তু লাইনশাইন পুরোপুরি ভিন্ন। এটি সম্পূর্ণ চীনের নিজস্ব নকশায় তৈরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ চিপের ওপর নির্ভরশীল।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ওয়াশিংটন ধারাবাহিক নিষেধাজ্ঞার মাধ্যমে চীনের জন্য উন্নত মার্কিন জিপিইউ সংগ্রহের পথ বন্ধ করে দিয়েছিল। তবে কোনো প্রকার মার্কিন চিপ বা যন্ত্রাংশ ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই পরাশক্তিধর সুপারকম্পিউটার তৈরি করে দেখাল চীন।
একটি সাধারণ কম্পিউটারের তুলনায় সুপারকম্পিউটার অন্তত এক হাজার গুণেরও বেশি দ্রুতগতিতে কাজ করতে পারে। লাইনশাইন কম্পিউটারটি ২ দশমিক ১৯৮ এক্সাফ্লপস গতি অর্জন করেছে। এর অর্থ হলো, কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ২ কুইন্টিলিয়নেরও (১-এর পর ১৮টি শূন্য) বেশি গাণিতিক হিসাব বা গণনা সম্পন্ন করতে পারে।
এই সম্মেলনের ঠিক আগের দিন কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে একটি বিশেষ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, টপ ৫০০ তালিকায় এগিয়ে থাকা মানেই কোনো দেশ এআই প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে গেছে, তা বলা যাবে না। এই তালিকা মূলত বৈজ্ঞানিক গবেষণা এবং জটিল গণনার কাজে সুপারকম্পিউটারের গতি ও ক্ষমতার ওপর ভিত্তি করেই মূল্যায়ন করা হয়।
- বিষয় :
- প্রযুক্তি
