ব্রাউজার তথ্য নিরাপত্তায় কারিগরি ত্রুটি
ব্রাউজারে নতুন সতর্কবার্তা জারি করেছে গুগল কর্তৃপক্ষ
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ০১:৪০ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ | ১৮:১৯
ল্যাপটপ, পিসি বা স্মার্টফোন– তিন মাধ্যমেই জনপ্রিয় ব্রাউজার হলো ক্রোম। বিশেষ একটি ঘটনায় গুগল ক্রোম গ্রাহকের জন্য সতর্কবার্তা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। এতে জানানো হয়, যদি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে মেনে চলতে হবে বিশেষ পরামর্শ। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএস সংস্করণে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে সতর্কবার্তা।
কারিগরি বিভাগ গুগল ক্রোম ব্যবহৃত কোন কোন ডিভাইসে সমস্যা দৃশ্যমান, তা জানিয়েছে। সিইআরটি গবেষণা ও শনাক্ত দল তাদের নিজস্ব বার্তায় এমন তথ্য দিয়েছে। জানানো হয়, গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি সামনে আসছে। ফলে হ্যাকার চক্র বিশেষ ফায়দা নিতে যে কোনো ডিভাইসে প্রবেশ করতে পারে।
নিয়ন্ত্রণ যেভাবে
সারাবিশ্বে ক্রোমে দৃশ্যমান সবকটি সমস্যা ব্রাউজারের কয়েকটি স্পর্শকাতর নিরাপত্তাবলয় ভেঙে দিয়েছে। ফলে গ্রাহক পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। জানা গেছে, সিস্টেমের দুর্বলতার কারণে হাজারো মাইল দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস নিয়ে ফেলছে হ্যাকার চক্র। ফলে ক্ষতিগ্রস্ত ব্রাউজার বিশেষ সমস্যার মুখোমুখি করবে।
প্রসঙ্গত, বিশেষভাবে ডিজাইন করা ওয়েবপেজে রিডাইরেক্ট করে অনেকের ডিভাইসে ভাইরাস প্রবেশ করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে কাজ করছে হ্যাকার দল। ফলে হাতছাড়া হতে পারে গ্রাহকের সংবেদনশীল সব তথ্য। ব্যক্তিগত ডেটা চুরি বা পরিচয় চুরি করে অ্যাকাউন্টে নজিরবিহীন ক্ষতিসাধন করতে পারে।
ইতোমধ্যে উল্লিখিত বিপদ থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজারের জন্য তাৎক্ষণিক বিশেষ আপডেট প্রকাশ করেছে। যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে দ্রুত নতুন আসা আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
লিনাক্স (১৩৩.০.৬৯৪৩.৫৩) সংস্করণের চেয়ে পুরোনো ক্রোম সংস্করণ ও উইন্ডোজ বা ম্যাক সিস্টেমে (১৩৩.০.৬৯৪৩.৫৩/৫৪) সংস্করণে ত্রুটি শনাক্ত করেছেন গবেষকরা। দুটি সংস্করণ ছাড়া অন্যসব সংস্করণ নিরাপদ আছে। তবে সবার ক্ষেত্রেই ক্রোম ব্রাউজারের আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
