আগামী দিনের পিসির জন্য এআই চিপ
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:১৯
| প্রিন্ট সংস্করণ
নব্যযুগের এআই কম্পিউটার নির্মাণে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা এনভিডিয়া বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
এবার উইন্ডোজ পরিচালিত ল্যাপটপের জন্য নব্য ঘরানার চিপ উন্মোচন করেছে সংস্থাটি। এর মাধ্যমে সাধারণ পিসি গ্রাহকের চাহিদা পূরণে নিজের সুদৃঢ় অবস্থান স্পষ্ট করেছে নির্মাতা।
বিশেষজ্ঞরা বলছেন, ইনটেল, অ্যাপল আর এএমডির মতো সংস্থাকে এমন পদক্ষেপ সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ, এর আগে ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপের চিপ তৈরিতে এসব সংস্থার নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে এখন পিসির বাজারে তৈরি হবে নতুন প্রতিযোগিতা। সংস্থার নতুন চিপ মূলত উইন্ডোজ ল্যাপটপের জন্য ডিজাইন করা।
বলা হচ্ছে, এই চিপ ভবিষ্যতের এআইনির্ভর কম্পিউটিং প্রযুক্তিকে আমলে নিয়েই তৈরি করা হয়েছে। সাধারণ কাজ নয়; অপেক্ষাকৃত জটিল আর ভারী এআই প্রসেসিং করতে পিসির জন্য ভালো মানের চিপের ঘাটতি ছিল।
গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, নতুন ধারার
এসব ল্যাপটপের দাম তুলনামূলক কিছুটা বেশি হতে পারে। কারণ, এতে অত্যাধুনিক এআই প্রযুক্তি আর দ্রুত প্রসেসিং ক্ষমতা ব্যবহার করা হয়েছে। চিপ ইন্ডাস্ট্রির অনেকে আবার এ উদ্যোগকে সংস্থাটির
কৌশলগত পরিবর্তন
হিসেবে ব্যাখ্যা করেছেন। এর আগে সংস্থাটি মূলত ডেটা সেন্টার আর এআই সার্ভারের জন্য চিপ তৈরি করেই বড় অঙ্কের মুনাফা ঘরে তুলেছে।
সারাবিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা তৈরি হওয়ায় এনভিডিয়া দামি সংস্থায় তকমা পেয়েছে। এই সাফল্য কাজে লাগিয়ে সরাসরি সাধারণ পিসি বাজারে নিজেদের জোরালো
অবস্থান তৈরি করতে চাইছে সংস্থাটি।
তাইওয়ানের সুপরিচিত টেক প্রদর্শনী কম্পিউটেক্সের আগে ‘আরটিএক্স স্পার্ক’ নামে নতুন প্রযুক্তি দৃশ্যমান হবে।
আগামী দিনের পিসি
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং জানালেন, মাইক্রোসফট আর এনভিডিয়া যৌথ উদ্যোগে সাধারণ মানের পিসির ধারণাই
আগামীতে বদলে যাবে। এটি হবে আগামী দিনের নতুন পিসি। জেনসন সাফ জানান, মাইক্রোসফট আর এনভিডিয়া দুইয়ে মিলে এই প্রযুক্তিকে এমনভাবে অপ্টিমাইজ করেছে যেন এই কম্পিউটার বিশ্বে প্রচলিত প্রায় সব ধরনের সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম সমর্থন করে।
শুধু তাই নয়; এটি এখন এআই এজেন্টও চলবে।
টেক গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরে এআই পরিচালিত পিসির বিশেষ চাহিদা তৈরি হবে। ভবিষ্যতের এমন বাজার
সামাল দিতে আগে থেকেই নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করেছে সংস্থাটি।
- বিষয় :
- প্রযুক্তি
