অ্যাপের কারণে দুর্বল গতি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
ডিভাইসে স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন অ্যাপ ইনস্টল, ছবি-ভিডিও সংরক্ষণ বা সফটওয়্যার আপডেটে সমস্যা হয়। তখন কম জরুরি অ্যাপ সরিয়ে জায়গা তৈরির সহজ উপায় হলো গুগল প্লে স্টোরের ম্যানেজ অ্যাপস ও ডিভাইস অপশনের ব্যবহার করা। প্রথমে প্লে স্টোরে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশন থেকে ম্যানেজ অপশনে যেতে হবে। এ অংশে ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ দৃশ্যমান হবে।
তালিকা থেকে সবশেষ ব্যবহৃত বা সাইজ অনুপাতে অ্যাপ সাজালে কোন অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করা হয়নি, কোনটি বেশি স্টোরেজ দখল করেছে–এ
দুটি তথ্য জানা যাবে। দীর্ঘদিন ব্যবহার না করা গেম, শপিং ও ভিডিও এডিটিং অ্যাপ বা অযথা কিছু অ্যাপ থাকলে সেগুলো নির্বাচন করে আনইনস্টল করার সুযোগ রয়েছে। শুধু অ্যাপের জায়গাই নয়, এতে সংশ্লিষ্ট কিছু ডেটা ও ক্যাশ মেমোরি হালকা হবে। তবে কোনো অ্যাপ আনইনস্টল করার আগে সেটিতে জরুরি ছবি, ডকুমেন্ট, লগইন তথ্য বা অন্য কোনো জরুরি ডেটা আছে কিনা তা দেখে নিতে হবে।
যেসব অ্যাপ কম প্রয়োজন হয়, কিন্তু নিয়মিত ব্যবহার করেন না, আপাতত সেসব সরিয়ে নেওয়া যায়। আবার প্রয়োজন হলে পরে প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে। অ্যাপের তালিকায় শুধু এর সংখ্যা নয়, কোন অ্যাপ কতটা জায়গা দখল করছে তাও দেখতে হবে। বড় আকারের গেম ও ভিডিও-বিষয়ক অ্যাপ অনেক বেশি স্টোরেজ দখলে নেয়।
সিস্টেম অ্যাপ বা ফোনের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অ্যাপ না বুঝে আনইনস্টল বা নিষ্ক্রিয়
করা উচিত নয়। নিয়মিত ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনটি পরীক্ষা করলে অযাচিত অ্যাপ জট লাগিয়ে ডিভাইসের স্টোরেজ কমাতে
পারবে না। ডিভাইস হবে সুরক্ষিত।
- বিষয় :
- প্রযুক্তি