ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সেমিনারে বক্তারা

সাংবাদিকতায় নতুন সুযোগ তৈরি করেছে এআই

সাংবাদিকতায় নতুন সুযোগ তৈরি করেছে এআই
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ | ১৫:২২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআই নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে পেশাগত দক্ষতা, তথ্যের নির্ভুলতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সম্প্রতি ময়মনসিংহের ভালুকার মেঘমাটি ভিলেজ রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এআই-সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল কাফী এআই-সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় যুক্ত পেশাজীবীরা কীভাবে এসব সফটওয়্যার কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, তা নিয়েও আলোচনা করেন তিনি।

সিটিজের সভাপতি হাসান জাকির এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকদের করণীয় ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রথাগত পদ্ধতিতে সাংবাদিকতা করে বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে সাংবাদিকদের এআইসহ সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। এ দক্ষতা তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

সিটিজের মহাসচিব সাইফ আহমাদ সাংবাদিকতায় এআই ব্যবহারের ব্যবহারিক সুবিধা তুলে ধরেন। বিশেষ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, এআই তথ্য বিশ্লেষণে প্রয়োজনীয় সময় কমিয়ে সাংবাদিকদের কাজ আরও দ্রুত ও কার্যকর করতে সহায়তা করতে পারে।

প্রথম আলোর প্রতিবেদক ও সিটিজের সদস্য রাহিতুল ইসলাম বিভিন্ন দেশে এআইয়ের ব্যবহার তুলে ধরতে জাপান ও চীনের উদাহরণ দেন। তিনি বলেন, এআই সাংবাদিকতায় নতুন সুযোগ তৈরি করেছে। এ প্রযুক্তির কারণে সাংবাদিকতার চাকরি হারানোর আশঙ্কা নেই; বরং এআই সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

সিটিজের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি কাজী সোহাগ বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গণমাধ্যমকর্মীদেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অন্যথায়, সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।

সেমিনারের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন আয়োজনে অংশ নেন সিটিজের সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি সাংবাদিকদের মধ্যে জ্ঞান বিনিময় ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×