ইউএস ওপেনে সহজ জয় সিনার-শিয়নটেকের
সিনার ও শিয়নটেক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৩:১২
সহজেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জানিক সিনার ও ইগা শিয়নটেক। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সিনার এবং মহিলা সিঙ্গলসের দ্বিতীয় বাছাই শিয়নটেক, দু’জনেই জিতলেন সরাসরি সেটে।
পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই সিনার চেক রিপাবলিকের অবাছাই ভিট কপ্রিভাকে উড়িয়ে দেন ৬-১, ৬-১, ৬-২ গেমে। ম্যাচ শেষ হয় মাত্র এক ঘণ্টা ৩৮ মিনিটে। এ জয়ে হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যামে টানা ২২তম জয় পেলেন তিনি।
অসুস্থতার কারণে সিনসিনাটি ওপেন ফাইনাল খেলতে না পারলেও নিউইয়র্কে কোর্টে ফিরেই ঝলক দেখালেন এই ইতালিয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আবার সুস্থ হয়ে ফিরতে পেরে খুশি। সেরা অবস্থায় খেলার চেষ্টা করেছি।’
এদিকে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় বাছাই শিয়নটেকও সহজ জয় পান কলম্বিয়ার অবাছাই এমিলিয়ানা অ্যারাঙ্গোর বিপক্ষে। ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই পোলিশ তারকা জেতেন ৬-১, ৬-২ গেমে। প্রথম সেটে তিনটি ডাবল ফল্ট করলেও অ্যারাঙ্গো তা কাজে লাগাতে পারেননি। গোটা ম্যাচে একটিও ব্রেক পয়েন্ট আদায় করতে পারেননি বিশ্ব র্যাংকিংয়ের ৮০ নম্বর এই খেলোয়াড়। মাত্র এক ঘণ্টায় জয় নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন শিয়নটেক।
প্রথম রাউন্ডে জয় পেয়েছেন আরও কয়েকজন তারকা। নারী সিঙ্গলসে ২৭তম বাছাই ইউক্রেনের মার্টা কোসট্যুক ৬-৪, ৬-৪ গেমে হারান ব্রিটিশ খেলোয়াড় কেটি বুলটারকে। পুরুষ সিঙ্গলসে লড়াই করে দ্বিতীয় রাউন্ডে যান ইতালির দশম বাছাই লোরেনজো মুসেত্তি। তিনি ফরাসি প্রতিদ্বন্দ্বী জিয়োভান্নি পেরিকার্ডকে হারান ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে, ম্যাচের সময় লেগেছিল ২ ঘণ্টা ৩২ মিনিট।
- বিষয় :
- টেনিস
