ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মচারীকে বদলি নিয়ে উত্তপ্ত কুষ্টিয়া গণপূর্ত

কর্মচারীকে বদলি নিয়ে উত্তপ্ত কুষ্টিয়া গণপূর্ত
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ১০:৫২ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ১০:৫২

নির্বাহী প্রকৌশলীর একান্ত সহকারীকে বদলি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়ায় গণপূর্ত অফিস। অভিযোগ, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়ম জেনে যাওয়ায় তাকে বদলি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কর্মবিরতি পালনসহ বিক্ষোভ-সমাবেশ করেছেন কর্মচারীরা। এমনকি তার বদলি বাতিল না হলে লাগাতার কর্মসূচিরও ডাক দিয়েছেন তারা।

বদলি হওয়া ওই কর্মচারীর নাম এসএম মতিউর রহমান। তিনি কুষ্টিয়া গণপূর্ত সিবিএ কমিটির সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৬ মার্চ তাকে কুষ্টিয়া থেকে বরিশাল গণপূর্তে বদলির আদেশ দেয় কর্তৃপক্ষ।

গণপূর্তের কর্মীদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী হিসেবে কিছুদিন আগে যোগ দেন জাহিদুল ইসলাম। এর পর থেকেই তিনি ঘুষ, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে ঠিকাদারদের বিল দিতে তিনি মোটা অঙ্কের ঘুষ নেন।

এসব ঘটনা তার একান্ত সহকারী মতিউর জেনে যাওয়ায় এবং সমকালসহ কয়েকটি সংবাদপত্রে এ বিষয় নিয়ে প্রতিবেদন হওয়ার পর তাকে সন্দেহ করেন জাহিদুল। এ নিয়ে মতিউরের সঙ্গে প্রকৌশলীর বিরোধ চলছিল।

মতিউরের অভিযোগ, বর্তমান প্রকৌশলী যোগ দেওয়ার পর থেকে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ঠিকাদাররা। অথচ তাকে হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি অভিযোগও নেই। তার পরও তাকে হয়রারি করতে জাহিদুর বদলি করিয়েছেন।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, অফিসের কাজে ঢাকায় এসেছি। হঠাৎ খবর পেলাম আমার পিএ সাহেবকে বদলি করা হয়েছে। এ নিয়ে মিছিল সমাবেশ করেছে তারা। তাকে কে বদলি করিয়েছে বিষয়টি আমার জানা নেই। তার পরও বিষয়টি আমি দেখছি।

এর আগে ২৩ ফেব্রুয়ারি নির্বাহী প্রকৌশলী জাহিদুলের নানা অনিয়ম নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

×