স্কুলের পরিচালনা পর্ষদের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০০:৪৬ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০০:৪৬
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পরিচালনা পর্ষদের অপসারণ চেয়ে ঢাকার দোহারে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।
দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম সমকালকে জানান, রোববার সকাল সাড়ে ১০টায় কলেজের বাইরে শিক্ষার্থীরা অধ্যক্ষ অজয় কুমার রায় ও প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করেন। স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম ও নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অনিয়মের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সড়ক অবরোধ তুলে নেন।
স্কুলে মানসম্মত শহীদ মিনার নির্মাণ, মূল ফটকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের নামফলক স্থাপন, বেতন রশিদ লোপাট, শিক্ষার্থী উন্নয়নের অর্থ লোপাট ও অশুভ আচরণের অভিযোগ আনেন শিক্ষার্থীরা।
স্কুলের একজন শিক্ষার্থী বলেন, ‘সম্প্রতি এলাকার কিছু বখাটে মেয়েদের বাথরুমে ঢুকে ভাংচুর করেছে। অভিযুক্তরা আটকের পরও তাদের বিচার না করে পরিচালনা পর্ষদ মীমাংসা করে দিয়েছেন।’
শিক্ষার্থীদের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, ‘শিক্ষাঙ্গণে বখাটেপনা বন্ধ করতে সকল শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে আড্ডা বন্ধ করতে কড়াকড়ি আরোপ করেছি। উশৃঙ্খল ছাত্ররা পরিবেশ অশান্ত করতে সড়ক অবরোধ করছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান।
এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু কঠোর বিধিনিষেধ জারি করার পর শিক্ষার্থীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের দাবি যাচাইবাছাই করে দেখা হবে।’