ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভেড়ামারায় পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভেড়ামারায় পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
×

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০৮:২৯ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০৮:৩০

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে মোহতাসিম আদিব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে জি-কে খালে এই ঘটনা ঘটে। মোহতাসিম আদিব (২০) শহরের গার্লস স্কুলপাড়ার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে। তিনি ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধান চালানো শুরু করে। দুপুর সোয়া ১২টায় আদিবকে উদ্ধার করা হয়। এরপর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে বেড়াতে যায় আদিবসহ ৯ বন্ধু। একপর্যায়ে জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) খালের পানিতে নেমে গোসল করতে যায় তারা। আদিবসহ ৭ জন সাঁতার জানতেন না। হঠাৎ আদিবসহ তিনজন গভীর পানিতে চলে গেলে কোনোরকম দুইজন ওঠে আসলেও আদিব তলিয়ে যায়। এ ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালানো শুরু করে। প্রায় এক ঘণ্টার পর তাকে উদ্ধার করা হয়।

মোহতাসিম আদিবের বন্ধু প্রিন্স, ফাহিম, আদিব, রাহিন জানায়, গোসল করার একপর্যায়ে আদিব গভীর পানিতে চলে যায়। এ সময় আমাদের মধ্যে দু'জন সাঁতার জানা বন্ধু তাকে বাঁচাতে গেলে তারাও ডুবে যেতে থাকে। একপর্যায়ে দু'জন তীরে ফিরে আসলেও আদিব পানির নিচে তলিয়ে যায়। 

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ ঘোষ জানান, স্রোতে ভেসে না যায় সেজন্য ভেড়ামারা জি-কে পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলীকে বলে আধাঘণ্টার জন্য পানি সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ক্যানেলের স্রোত কমে যায়।

তিনি বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারে পানিতে নেমে সন্ধান চালায়। খোঁজাখুঁজির প্রায় এক ঘণ্টা পর পানির তলদেশ থেকে আদিব নামের ওই শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×