বরিশালে বিমানের উড়োজাহাজ বিকল, যাত্রা বাতিল
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৭:১৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৭:২১
বরিশাল বিমান বন্দরে অচল হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। রোববার দুপুরে ঢাকার উদ্দেশে উড্ডায়নের আগ মুহূর্তে উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হলে যাত্রা বাতিল করা হয়। ফলে দুর্ভোগে পড়েন ওই ফ্লাইটের টিকিট কাটা ৭০ যাত্রী। সন্ধ্যা ৬টা পর্যন্ত উড়োজাহাজটি সচল হয়নি।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথিন্দ্রনাথ চৌধুরী বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল বিমান বন্দরে পৌঁছে। বেলা ১২টা ১০ মিনিটে আবার ঢাকায় যাওয়ার জন্য উড্ডয়নের কথা ছিল। এর আগে উড়োজাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সেটি স্থানীয়ভাবে সচল করার চেষ্টা করেও সম্ভব হয়নি। যে কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়।
তিনি আরও বলেন, উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা সোমবার সকাল ৯টার ফ্লাইটে বরিশালে পৌঁছাবে। যাত্রীদের অনেকেই চলে গেছেন। কেউ কেউ আবার বেসরকারি বিমানে ঢাকায় গেছেন।
ওই ফ্লাইটের একাধিক যাত্রী অভিযোগ করেন, তারা দীর্ঘ সময়ে অপেক্ষা করেছেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছুই বলেননি। আগেভাগে ত্রুটি ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো।
বিমানবন্দরের নিরাপপত্তার দায়িত্বে থাকা একজন কর্মচারী জানান, উড্ডয়নের আগে উড়োজাহাজটির বাম পাশের ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না। এরপর কয়েক ঘণ্টা অপেক্ষা করে দুপুর ২টার পর ওই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।
এ ব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। যাত্রীদের নিরাপত্তায় তখন পুলিশের একাধিক টিম বিমানবন্দরে সচেষ্ট ছিল।
- বিষয় :
- বিমান
- ইঞ্জিন বিকল
- বরিশাল
