ভারতের আমদানি করা পেঁয়াজ আনার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১০:০০
ভারত যে পেঁয়াজ আমদানি করেছে সে পেঁয়াজ নেওয়ার সুযোগ নেই। তবে ব্যবাসায়ীরা সেগুলো অকশনে নিতে পারবেন। রোববার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেঁয়াজের আবাদ বাড়ানোর জন্য কৃষকদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া ডাল ও চিনিসহ ভোজ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। নতুন ভ্যাট পাঁচ ভাগ সংযুক্ত হওয়ায় দাম বেড়েছে। তবে রোজার আগে সব পণ্যের দাম হাতের নাগালে আনার চেষ্টা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।
এর আগে সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়। সকালে বিদ্যালয় মাঠ থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় মাঠে আলোচন সভায় শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, সাবেক প্রধান শিক্ষক আবু ইব্রাহিম, সাবেক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, অধ্যক্ষ আব্দুল জলিল সরকার ও ইছাহাক আলী বেপারী প্রমুখ।
