৪৯ দিন পর শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার
শিকল বাঁধা অবস্থায় উদ্ধার সালাউদ্দিন গাজী
নড়াইল ও কালিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৬:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৬:২০
নড়াইলে সালাউদ্দিন গাজী (২৭) নামে এক শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৪৯দিন পর রোববার রাতে কালিয়া উপজেলার বড়নালের এসএমবি ইট ভাটা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে ভাটার মালিক ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিককে (৪৫) রোববার রাতেই আটক করেছে কালিয়া থানা পুলিশ।
উদ্ধার হওয়া শ্রমিক সালাউদ্দিনের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র্যা ব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে ভাটায় শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাতো সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলাম ও তার লোকজন। পুলিশ জানায়, সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে সালাউদ্দিনের উপর নির্যাতন চালানো হতো ।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ভাটায় গিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলামকে আটক করে।
কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল মল্লিকসহ ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
- বিষয় :
- সারাদেশ
- খুলনা
- শ্রমিক নির্যাতন
- ইট ভাটা
