ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পীর মুনিরুল্লাহকে গ্রেপ্তার দাবিতে রাউজানে সড়ক অবেরোধ

পীর মুনিরুল্লাহকে গ্রেপ্তার দাবিতে রাউজানে সড়ক অবেরোধ
×

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৯:০২

কাগতিয়ার পীর মুনিরুল্লাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাউজানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা এ কর্মসূচি চলে।

এ সময় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্টেশন, রাউজান মুন্সিরঘাটা, বেরুলিয়া, দাইয়্যার ঘাটা, গহিরা চৌমুহনী এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার পুড়িয়ে, গাছের গুঁড়ি দিয়ে ব্যারিকেড দেয়। কিছু নারীকে হাতে ঝাড়ূ নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। অবরোধে চট্টগ্রাম-রাঙামটি সড়কে কয়েশ' যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অটোরিকশা আটকা পড়ে। এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১১টার সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচি চলাকালে রাউজানের গহিরা চৌমুহনী চত্বরে রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবালের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চলনায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়।

এতে আওয়ামী লীগ নেতা ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ছাত্রসেনা কর্মী কিশোর নঈম উদ্দিন হত্যা, মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের ওপর হামলাকারী মুনিরিয়া যুব তবলিগ কমিটির সদস্য ও তাদের পৃষ্ঠপোষক কাগতিয়ার পীর মুনিরুল্লাহকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কাগতিয়ার পীর মুনিরুল্লাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে জনগণ কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×