চাকরিচ্যুত চালক-সহকারীর হাতে মালিক খুন
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:৪১
দশ চাকার ট্রাক নিয়ে গত ২১ জানুয়ারি ঢাকা গিয়েছিলেন চালক মো. ইব্রাহীম মিয়া তালুকদার। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী ফজর মিয়া। ঢাকা থেকে ফেরার পরই তাদের চাকরি থেকে বাদ দেন মালিক আতাউর রহমান। ট্রাকের মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আতাউর এর নতুন চালক হিসেবে নিয়োগ দেন জাহাঙ্গীরকে। বৃহস্পতিবার বন্ধু রাজু আহমদকে নিয়ে জাহাঙ্গীর সিলেটের উদ্দেশে গাজীপুর থেকে রওয়ানা দেন। এই সময় তাদের সঙ্গে বরখাস্ত হওয়া চালক ইব্রাহীমও ছিলেন বলে জানতে পারেন ট্রাকের মালিক। এরপর শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ট্রাকের ভেতর থেকে জাহাঙ্গীর ও রাজুর লাশ উদ্ধার করে।
সিলেট সিটি করপোরেশনের ময়লা ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড লালমাটিয়ার দক্ষিণ পাশে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রথমে বিষয়টিকে সড়ক দূর্ঘটনা বলে পুলিশ ভাবলেও ট্রাকের বেশ কয়েকটি চাকা না থাকায় তাদের সন্দেহ হয়। এ সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে একে হত্যাকাণ্ড ধরে তদন্তে নামে পুলিশ। এরপর মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের সাবেক চালক ইব্রাহীম মিয়া ও সহকারী ফজর মিয়াকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেক সহযোগী জয়নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সিলেটে আসার পথে হবিগঞ্জের মাধবপুর এলাকায় চালক জাহাঙ্গীর ও তার বন্ধু রাজুকে শ্বাসরোধ করে খুন করে লাশ গুমের জন্য লালমাটিয়ায় ট্রাকটি ফেলে রাখা হয়।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা সমকালকে জানান, পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর ও রাজুকে গলায় রশির ফাঁস দিয়ে হত্যা করা হয়। লালমাটিয়ার বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডে দীর্ঘক্ষণ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দিলে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে এর ভেতরে দুইজনের লাশ দেখতে পায়।
এদিকে গতকাল সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন সমকালকে জানান, ময়নাতদন্ত
শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায়
নিহত রাজুর বড় ভাই সুজন আহমদ বাদি হয়ে গ্রেফতার তিনজনকে আসামি করে দক্ষিণ
সুরমা থানায় মামলা করেছেন।
- বিষয় :
- সিলেট
- মলিক খুন
- চালক-সহকারী
- চাকরিচ্যুত
