ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফাঁস নেওয়ার অনুকরণই কাল হলো শিশুটির

ফাঁস নেওয়ার অনুকরণই কাল হলো শিশুটির
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:৫৩

গলায় ফাঁস নেওয়ার পদ্ধতি অনুকরণ করতে গিয়ে বগুড়ার গাবতলীতে আট বছরের গোলাম রব্বানীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।শনিবার পুলিশ তার লাশ উদ্ধার করে।

শিশুটি জামিরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। সে সদর উপজেলার মানিকচক এলাকার আব্দুল মোমিনের ছেলে। বাবা মোমিন ও মা বিউটি বেগম ঢাকায় গার্মেন্টে কাজ করেন। লেখাপড়া করানোর জন্য রব্বানীকে জামিরবাড়িয়া গ্রামে তার নানাবাড়িতে রাখা হয়। শিশুটির মৃত্যুতে তার সহপাঠীসহ বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

জামিরবাড়িয়া গ্রামের বাসিন্দা সোনারায় ইউনিয়ন পরিষদের সদস্য কানু মণ্ডল জানান, তাদের পার্শ্ববর্তী খুপি গ্রামে বৃহস্পতিবার রাতে মামুনুর রশিদ নামে এক কলেজছাত্র আত্মহত্যা করে। পরদিন সকালে জানাজানি হলে আশপাশের গ্রামের বহু মানুষ ওই লাশ দেখতে যায়। সেদিন স্কুল বন্ধ থাকায় নানির সঙ্গে রব্বানীও লাশ দেখতে যায় এবং মামুনুর রশিদ কীভাবে ফাঁস দিয়ে মারা গেছে, তার বর্ণনা অন্যদের মতো সেও খুব মনোযোগ দিয়ে শোনে। ওইদিন সন্ধ্যার দিকে নানি হাঁস আনতে বাইরে গেলে ঘর থেকে একটি চেয়ার ও গামছা নিয়ে উঠানে যায় রব্বানী। একপর্যায়ে সে চেয়ার নিয়ে কাপড় শুকানো বাঁশের আড়ানির নিচে যায়। তারপর চেয়ারে উঠে গামছার এক প্রান্ত আড়ানির সঙ্গে বেঁধে অপর প্রাপ্ত নিজের গলার সঙ্গে বেঁধে চেয়ারটি পা দিয়ে সরিয়ে দেয়। এতে শ্বাসরুদ্ধ হয়ে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। সন্ধ্যার পর নানি বাড়ি ফিরে দেখে রব্বানীর মৃতদেহ আড়ানির সঙ্গে ঝুলছে।

রব্বানীর মামা বাহাদুর মণ্ডল জানান, তার ভাগ্নে খুব চঞ্চল প্রকৃতির ছিল। আশপাশে যা দেখত কিংবা অন্যদের কাছে যা শুনত সেটাই সে অনুকরণের চেষ্টা করত। শনিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অন্যদের অনুকরণ করাই রব্বানীর জন্য কাল হলো।

জামিরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শাহিনুর রহমান জানান, অত্যন্ত চঞ্চল হওয়ায় সহপাঠী ও গ্রামবাসীর কাছে দুষ্টু হিসেবে পরিচিতি ছিল রব্বানীর। শিশুটির এমন মৃত্যুর খবর পাওয়ার পর শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

গাবতলী থানার এসআই সুজাউদ্দৌলা জানান, ময়নাতদন্ত শেষে শনিবার রব্বানীর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হন্তান্তর করা হয়। ওসি সাবের রেজা আহাম্মদ জানান, ওই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×