তিন মাসের শিশুটি পুকুরে গেল কিভাবে!
তানজিলা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ২২:০৩
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে তানজিলা খাতুন ওরফে টিয়া পাখি নামে তিন মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা তারিন বেগমকে আটক করেছে পুলিশ।
তানজিলা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার জামিরা গ্রামের তুষার আলীর মেয়ে। তারিন বেগম পাশ্ববর্তী রাজশাহী জেলার পুঠিয়ার উপজেলার বানেশ্বর ইউনিয়নের জামিরা গ্রামের আইয়ুব ইসলাম টুকুর মেয়ে ও বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামের বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম টেনুর পালিত কন্যা। তারিনের স্বামী তুষার আলী।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম দেন তারিন। সন্তান হওয়ার পর থেকে তারিন বেগম পালিত বাবার বাড়ি বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামেই থাকতেন। শনিবার বিকালে শিশু তানজিলার নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। এক পর্যায়ে তাজুল ইসলামের বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির লাশ দেখতে পান। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠায় এবং শিশুটির মা তারিনকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল প্রাথমিকভাবে তদন্তকারী বাগাতিপাড়া থানার এসআই তারেকুল ইসলাম জানান, পুকুরের পানি থেকে তিনমাস বয়সের শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এতো ছোট শিশু কিভাবে পুকুরের পানিতে গেল তা নিয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তারিনের চাচা সুরুজ আলী বলেন, ঘটনাটি তিনি তার স্ত্রী রুবিনা বেগমের কাছ থেকে শুনেছেন। বিকেলে তারিন শিশুকন্যাকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। তবে কিছুক্ষণ পর একাই ফিরে আসে। তখন বাড়ির লোকজন টিয়ার খোঁজ করলে তারিন জানায় পাশের বাড়ির এক চাচির কাছে টিয়াকে রেখেছেন তিনি। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে টিয়ার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়।
তারিনের স্বামী তুষার হোসেন জানান, এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না। মেয়ের মৃত্যুর খবর জানার আধঘণ্টা আগেও তিনি স্ত্রী তারিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তখন তারিন বেশ স্বাভাবিক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, তারিন মানসিকভাবে সুস্থ হলেও অতিরিক্ত রাগের কারণে অনেকসময় অস্বাভাবিক আচরণ করেন। শিশুটির একা একা পানিতে পড়ে যাবার কোন কারণ নেই।
বাগাতিপাড়া থানার ওসি আব্দুল মতিন বলেন, শিশুটিকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বিষয় :
- নাটোর
- পানিতে পড়ে মৃত্যু
