ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে নকল ও নিষিদ্ধ ওষুধ জব্দ, ৩ ফার্মেসি সিলগালা

চট্টগ্রামে নকল ও নিষিদ্ধ ওষুধ জব্দ, ৩ ফার্মেসি সিলগালা
×

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৮:০৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার চাম্বল নতুন বাজারে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। এ সময় তিনটি ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান। অভিযানে থানা উপজেলার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান সমকালকে জানান, বাঁশখালীর কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের ওষুধ, ইন্ডিয়ান ভায়াগ্রা, টিটেনাস ভ্যাক্সিনসহ নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে সরকারি ও মিসব্যান্ডের ওষুধ বিক্রির দায়ে মেসার্স শাহ মজিদিয়া ফার্মেসিকে ৫০ হাজার, মেসার্স কুতুব মেডিসিন সাপ্লাইকে ২৫ হাজার এবং মেসার্স এলাহি মেডিসিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসি থেকে প্রায় ১০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যান। ফার্মেসিগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×