ভোটের ফল বদলানোর সুযোগ রিটার্নিং কর্মকর্তার নেই: আলমগীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ০৮:০৪ | আপডেট: ১৬ জুন ২০২২ | ০৮:০৪
তুমুল উত্তেজনাকর পরিস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, ভোটের ফল বদলে ফেলার সুযোগ রিটার্নিং কর্মকর্তার ছিল না।
বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগের দিন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
সেখানে ভোটের ফল পরিবেশন কেন্দ্রে ১০৫টি কেন্দ্রের ১০১টির ফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর এগিয়ে থাকার মধ্যে হৈ-চৈয়ের কারণে ফল ঘোষণা বন্ধ হয়েছিল কিছুটা সময়।
এরপর বাকি চার কেন্দ্রসহ পূর্ণাঙ্গ ফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলে কারচুপির অভিযোগ তোলেন সাক্কু। তিনি দাবি করেন, তার হিসাবে তিনি জিতেছেন, কিন্তু তাকে হারানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে আলমগীর বলেন, 'আপনাদের চোখ দিয়ে আমরা (ভোট) দেখেছি। সবাই বলেছে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। প্রার্থীরাও সেটা বলেছে। এখন ফলাফলে রিটার্নিং অফিসারের তো পরিবর্তন, পরিবর্ধন করার সুযোগ নেই। কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ডেটা দিয়েছেন, সেটা উনি ঘোষণা করেছেন।'
