দুর্ধর্ষ ডাকাতদের জবানবন্দীতে এলো আ’লীগ নেতার নাম
গ্রেপ্তার আবদুল বারেক আরু মিয়া
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১১ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৩
ফেনীর সোনাগাজীতে আরু মিয়া নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একাধিক ডাকাতির মামলায় গ্রেপ্তার কয়েকজন ডাকাতের জবানবন্দিতে তার নাম আসার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে আরু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে আবদুল বারেক আরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডাকাতি মামলাসহ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। একটি ডাকাতি মামলার তদন্তকালে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, একাধিক ডাকাতির মামলায় গ্রেপ্তার দুর্ধর্ষ ডাকাতদের আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে আওয়ামী লীগ নেতা আরু মিয়ার নাম উঠে আসে।
তবে আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জহির বলেন, আরু মিয়া ষড়যন্ত্রের শিকার। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
- বিষয় :
- ফেনী
- আওয়ামী লীগ নেতা
- দুর্ধর্ষ ডাকাতি
