ছাগলে গাছ খাওয়ায় ঝগড়া, যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৪
ঝিনাইদহে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
সবুজ মুরারীদাহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় সবুজের মা আমেনা (৫৫), ছোট ভাই সাকিল (১৮) ও তার চাচাতো ভাই রানা গুরুতর আহত হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. মঈনইদ্দিন জানান, বৃহস্পতিবার সবুজ মিয়ার ক্ষেতের কয়েকটি গাছ খেয়ে ফেলে প্রতিবেশি আজিজ ও তার ভাই মজিদের ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংসা হয় বিষয়টি। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সবুজ মিয়া চাচাতো ভাই রানাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ফসলের জমিতে সার দিচ্ছিলো। এ সময় আজিজ, তার ভাই মজিদ এবং তার তিন ছেলে তসির, বশির ও রাশেদ লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে এসে সবুজকে কোপাতে থাকে। সবুজের চিৎকারে বাড়ি থেকে তার ছোট ভাই সাকিল ও মা আমেনা এসে বাধা দিতে গেলে রানাসহ তারাও হামলার শিকার হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে বিকেল ৪টার দিকে সবুজ মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
- বিষয় :
- হত্যা
- কুপিয়ে হত্যা
- ঝিনাইদহ
