সড়কে ঝরল প্রাণ
স্বজনদের সঙ্গে ঈদ করা হলো না বাবা-ছেলের
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৩:৪৪
স্বজনদের সাথে ঈদ করতে স্ত্রী-সন্তান নিয়ে সিএনজিচালিত অটো রিকশায় রওনা হয়েছিলেন সোহেল রানা । কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি ও তার দেড় বছরের ফুটফুটে ছেলে মোহাম্মদ আলী। এ সময় সোহেল রানার স্ত্রী হাসি আক্তারসহ ছয় জন গুরুতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মুক্তাগাছা উপজেলার ঘাটুরি এলাকায় ময়মনসিংহ-জামালপুর সড়কের অটোরিকশা আর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সোহেল রানার (৪৫) বাড়ি জামালপুর সদর উপজেলার গুদাশিমলা বাজার এলাকায়।
পুলিশ জানায়,জামালপুর দেওয়ানগঞ্জ থেকে নারায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নতুন রুপে রঙধনু এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস। পথে মুক্তাগাছার ঘাটুরি এলাকায় জামালপুরগামী সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী সোহেল রানা ও তার শিশু পুত্র মোহাম্মদ আলী নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরও ছয় জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানর ওসি মাহমুদুল হাসান বলেন, দ্রুতগামী অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। এতে ঘটনাস্থলে বাবা ছেলে নিহত হন। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটি আটক করা সম্ভব হলেও, চালক পালিয়ে যান।
