ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

র‌্যাগিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

র‌্যাগিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
×

মাকে সঙ্গে নিয়ে মানববন্ধনে যোগ দিতে আসেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে আহত লিয়োনা-সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১০

র‌্যাগিংয়ের শিকার হয়ে গত ৬ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধকরণ, নবীন শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

গত ৬ ফেব্রুয়ারি রাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের চেকপোস্টের পাশে একটি ছাত্রীবাসে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও পটুয়াখালীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমানের মেয়ে ফারহানা রহমান লিয়োনাকে ম্যানার শেখানোর নামে মাত্রাতিরিক্ত র‌্যাগিং করায় মানসিক চাপে পড়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে মুখে ও পায়ে প্রচণ্ড আঘাত পান লিয়োনা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হননি লিয়োনা। র‌্যাগিংয়ের শিকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের অপর আহত শিক্ষার্থী ইমরান হাসপাতাল  থেকে ফিরে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

ওই ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্য চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা, এইচআরএম বিভাগের মোহাম্মদ মিলন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা, সিরাজুম মুনিরা, লোকপ্রশাসন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় মুখার্জী, শাহজাদা আহসান হাবীবসহ অনেক শিক্ষক সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন। বক্তব্যে শিক্ষকরা র‌্যাগিংয়ের মতো অপসংস্কৃতি থেকে সব শিক্ষার্থীকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং র‌্যাগিংয়ের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের পক্ষে নিহার সরকার অঙ্কুর, রাশেদুজজামান রনি, ওবায়দুল্লাহ আল ফারাবি, সালমান ও ইভান বক্তব্য দেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

মা সুলতানা জাফরিন নিগান অসুস্থ লিয়োনাকে নিয়ে রিকশায় এসে মানববন্ধনে অংশ নেন। এ সময় তিনি র‌্যাগিং বন্ধে সরকার ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির তদন্তের ভিত্তিতে আলোচনা চলছিল।

আরও পড়ুন

×