এসএসসিতে লিখিত উত্তরপত্র সরবরাহ, ৩ শিক্ষকের কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪৪
হবিগঞ্জের চুনারুঘাটে পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক এবং কেন্দ্র সচিব মো. নাছির উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন ও দ্বিপন চন্দ্র পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই ৩ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। বিষয়টি ইউএনও সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে এলে তাদের আটক করে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করায় রোববার রাতে তাদের ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় ১২৭টি লিখিত উত্তরপত্র জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসদুপায় অবলম্বন সহ্য করা হবে না। যেই অসাদুপায় অবলম্বন করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহু উল্ল্যা।
- বিষয় :
- কারাদণ্ড
- এসএসসি
- অসদুপায়
- হবিগঞ্জ
- শিক্ষকের কারাদণ্ড
