পাল্টে গেছে চিরচেনা হাটিকুমরুল গোলচত্বরের চিত্রপট
হাটিকুমরুল গোলচত্বর এখন একেবারেই সুনসান।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২২ | ০৩:১৮ | আপডেট: ১০ জুলাই ২০২২ | ০৩:১৮
উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর এখন একেবারেই সুনসান। নেই কোনো কোলাহল। নেই কোনো যানজট। ২৪ ঘণ্টা আগেও ছিল ঢাকা থেকে উত্তরজনপদে ঈদে ঘরে মানুষের অসহনীয় দুর্ভোগ-কষ্ট। অথচ সময়ের ব্যবধানে রোববার ঈদের দিন ভোরবেলা থেকেই ব্যস্ততম এই গোলচত্বরটি হয়ে পড়েছে জনশূন্য ও যানবাহনমুক্ত।
এখন এখানে দু-একটি যানবাহন চোখে পড়ছে। দুপুর ১টায় দেখা গেল গোলচত্বরের চারপাশে ঢাকা মহাসড়ক, বগুড়া মহাসড়ক, রাজশাহী মহাসড়ক ও পাবনা মহাসড়ক সব প্রায় ফাঁকা। ঈদের দিনে এই স্থানটির চিত্রপট পুরোই পাল্টে গেছে। চিরচেনা সেই কোলাহলপূর্ণ হাটিকুমরুল গোলচত্বরটি এখন একেবারেই জনশূন্য।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শনিবার বিকেল থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। আস্তে আস্তে নিরসন হয় যানজট।
