ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

নিহত আরিফুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫০

নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৩৭) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার রাতের কোন এক সময় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ব্যবসার কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। সাংসারিক প্রয়োজনে তিনি একা রোববার বিকেলে নিজ গ্রাম উপজেলার বাঁকাগ্রামে আসেন। রাত ৯ টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে তার চাচা রেজাউল ইসলাম ও চাচি ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে চাচা রেজাউল ইসলাম তার ভাতিজা আরিফুল ইসলামকে নামাজ পড়ার জন্য ডাকতে গেলে দরজা খোলা দেখতে পান। তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন ভাতিজার গলা কাটা লাশ পড়ে আছে। এছাড়াও তার শরীরেও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। পরে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। 

ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানবক্স বলেন, ব্যবসার জন্য আরিফুল ইসলাম আত্রাই সদরে থাকতেন। শুনেছি ইরি-বোরো রোপনের জন্য জমিতে দিতে রোববার বাড়িতে আসেন। পরে রাতে দুর্বত্তরা তাকে হত্যা করেছে। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×