ঘাটাইলে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০২
টাঙ্গাইলের ঘাটাইলে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে সে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রহিজ উদ্দিনকে (৪৫) নামে একজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামে। সে উপজেলার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে রোববার দুপুরে বাড়ির পাশে কদ্দুছ মন্ডলের আকাশমনি কাঠ বাগানে ঝরেপড়া শুকনো পাতা কুড়াতে যায়। ওই সময় একই গ্রামের রহিজ উদ্দিন ওরফে অপু তাকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। অভিযুক্ত রহিজ ছাত্রীটিকে ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। রাতে ধর্ষণের ঘটনাটি ওই ছাত্রী তার বাবা মাকে জানালে তারা বিয়ষটি তাৎক্ষণিক মোবাইলে ইউপি মেম্বার কুদরত আলীকে অবগত করেন। পরে ওই রাতেই মেম্বার বিষয়টি চেয়ারম্যান এমদাদুল হক সরকারকে জানালে তিনি কৃষ্ণ (২৫) ও অটল (২৬) নামে দুইজন গ্রাম পুলিশকে অভিযুক্ত রহিজকে ধরতে পাঠান।
মেম্বার কুদরত আলী বলেন, রাতে আমি আমার ঘাটাইল বাসায় ছিলাম। অটল ও কৃষ্ণ দু’জনেই আমাকে ফোন করে জানায় রহিজকে ধরে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরই আবার তারা ফোন করে বলে রহিজ আমাদের হাত থেকে ছুটে বনের দিকে পালিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসোতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
