বাগেরহাটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৯
বাগেরহাটে ইসহাক হাওলাদার (৪৬) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসহাক বাদামতলা গ্রামের আবজাল হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, রাতে ইসহাক তার ব্যটারিচালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইসহাককে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- বাগেরহাট
- কুপিয়ে হত্যা
- ভ্যানচালক
