ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নোয়াখালীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নোয়াখালীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৯

নোয়াখালীতে যৌতুকের দাবিতে সুরাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে  পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সুরাইয়া আক্তার একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শুল্লুকিয়া গ্রামের ওহিদুল হকের মেয়ে ও একই এলাকার নোমান সিদ্দিকী সোহেলের স্ত্রী। 

খবর পেয়ে সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

নিহতের মামা রবিউল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে উত্তর শুল্লুকিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও স্থানীয় নোয়ারহাট বাজারের ব্যবসায়ী নোমান সিদ্দিকী সোহেলের সাথে সুরাইয়ার বিয়ে হয়। 

বিয়ের কয়েক মাস পর থেকে সোহেল ব্যবসার জন্য সুরাইয়ার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে শুরু করে। সুরাইয়া এর প্রতিবাদ করলে সোহেল প্রায়ই তাকে মারধর করতেন। সর্বশেষ রোববার দুপুরে সোহেল সুরাইয়াকে আবারও বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনার জন্য চাপ দেন।

এ সময় সুরাইয়া টাকা আনতে অস্বীকার করায় সোহেল তাকে মারধোর করেন এবং কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন।

পরে সুরাইয়া তার পরিবারকে ফোন করে জানান, সোহেল ও তার বাবা নূর মোহাম্মদ টাকার জন্য তাকে মারধর করেছেন। 

নিহতের মামার অভিযোগ, রোববার রাত ১০ টায় দিকে সুরাইয়াকে দ্বিতীয় দফায় মারধর ও শ্বাসরোধ করে হত্যা শেষে তার মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

সুধারাম মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ নবীর হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। তিনি জানান, নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

×