ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সিলন চায়ের মোড়ক নকল, তিন সহোদর হাতেনাতে ধরা

সিলন চায়ের মোড়ক নকল, তিন সহোদর হাতেনাতে ধরা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড সিলনের মোড়ক নকল করে নিম্নমানের চা বাজারজাত করার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  সোমবার বিকেলে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি নকল পণ্য কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণে নিম্নমানের চা পাতা ও সিলনের নকল মোড়ক উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার আজিমপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে মো. সহিদুল ইসলাম, মো. রবিউল হোসেন ও ইমাম হোসেন সাজ্জাদ। তাদের বিরুদ্ধে আবুল খায়ের গ্রুপের সহকারী ব্যবস্থাপক মো. বদরুজ্জামান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকল পণ্য কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সিলন ব্র্যান্ডের চায়ের নকল মোড়কে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করার সময় তিনজনকে হাতেনাতে ধরা হয়। তিনি আরও জানান, চায়ের প্যাকেটগুলো দেখতে হুবহু সিলন ব্র্যান্ডের মতো। শেভরন নাম দিয়ে আটকরা দীর্ঘদিন ধরে নিম্নমানের এই চা বাজারজাত করছে। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দুই মাস ধরে নিম্নমানের চা বাজারজাত করছে বলে স্বীকার করেছে। এ চক্রে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।’

আবুল খায়ের গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইমরুল কাদের ভূঁঈয়া সমকালকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর আসছিল সিলন ব্র্যান্ডের মোড়ক হুবহু নকল করে একটি চক্র নিম্নমানের চা বাজারজাত করছে। তাদের কাছে চা বাজারজাত করার কোনো অনুমোদন নেই।’ তিনি জানান, গ্রেপ্তাররা শুধু মোড়ক নকল করেনি। একই সঙ্গে সিলনের বিএসটিআই লাইসেন্স ও আইএসও সনদ নম্বরও ব্যবহার করেছে। 

আরও পড়ুন

×