ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ, শিক্ষককে পুলিশে সোপর্দ
অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫৪
সুনামগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। ক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে বিদ্যালয় ঘেরাও করে ওই শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক চারজন ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে ডেকে নিয়ে মোবাইলে থাকা অশ্লীল ভিডিও ক্লিপ দেখিয়েছেন। এ সময় দুুজন ছাত্রী সেখান থেকে দৌড়ে নেমে গিয়ে বাড়িতে বিষয়টি জানায়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষককে ঘেরাও করে রাখেন। ওই শিক্ষক পুলিশকে ফোন করলে পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
আবুল হোসেন বলেন, আমরা সত্য-মিথ্যা জানি না। তবে কয়েকজন অভিভাবক এসব অভিযোগ করেছেন। গ্রামের কয়েকশ মানুষ সেখানে ছিলেন। পুলিশ না গেলে পরিস্থিতি খুবই খারাপ হতো।
একজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেন, ওই শিক্ষক ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করেছেন। কাউকে এ নিয়ে কোনো কিছু বললে স্কুল থেকে বের করে দেওয়ারও হুমকি দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, তারা খবর পেয়ে ওই বিদ্যালয়ের গিয়ে দেখেন কয়েকশ লোক ঘেরাও করে রেখেছেন। মানুষজন ক্ষুব্ধ। পরে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসেন তারা।
তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ওই শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।
- বিষয় :
- সুনামগঞ্জ
- অশ্লীল ভিডিও
- শিক্ষক
