চট্টগ্রামে পাহাড় কেটে ডেইরি ফার্ম স্থাপন, জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০২
চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি খাস জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে পাহাড়ীয় জমি কেটে রাস্তা, সীমানা দেয়াল ও স্থাপনা নির্মাণের সময় হাতেনাতে সাত শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পাহাড় কেটে ডেইরি ফার্ম স্থাপন করায় কন্ট্রাক্টর মো. হাসান আলী ও মেসার্স এনায়েত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সমন্বিত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও কাট্টলী সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সেলিনা আকতার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, হাসান জাহিদুল ইসলাম, অশ্রু চৌধুরী ও মহিবুল্লাহ নামের তিন ব্যক্তির নির্দেশে শ্রমিকরা পাহাড় কাটছিলেন। অভিযানের সময় তারা পলাতক ছিলেন। কিন্তু অভিযুক্তরা সরকারি খাস জায়গা দখল করে ও পাহাড় কেটে সেখানে ডেইরি ফার্ম স্থাপনের জন্য অবৈধভাবে নিয়েছিলেন বিদ্যুৎ সংযোগও। পরবর্তীতে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
- বিষয় :
- পাহাড় কাটা
- ডেইরি ফার্ম স্থাপন
- জরিমানা
- চট্টগ্রাম
