ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

এবার সিডিএর ঠিকাদারকে ৫ কোটি টাকা জরিমানা

এবার সিডিএর ঠিকাদারকে ৫ কোটি টাকা জরিমানা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৫

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পর এবার জরিমানা করা হয়েছে তাদের ঠিকাদার স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে। পাহাড় কাটা ও লেক ভরাটের অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার তাদের ৫ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ১৫টি পাহাড় কেটে সংযোগ সড়ক করায় সিডিএকে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়। 

গত ১২ ফেব্রুয়ারি সমকালে 'পাহাড় ধ্বংসের ঠিকাদারি নিয়েছে চউক' শিরোনামে এবং ১৪ জানুয়ারি 'ছয় কিলোমিটার সড়ক করতে ১৫ পাহাড় সাবাড়' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন বলেন, 'সিডিএর পর জরিমানা করা হলো তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সিডিএকে জরিমানা করা হয়েছিল শর্ত ভঙ্গ করে পাহাড় কাটার অপরাধে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো প্রকল্পের বাইরে গিয়ে নতুন করে পাহাড় কাটা ও লেক ভরাটের অভিযোগে। দুটি অভিযোগ পুরোপুরি ভিন্ন। সিডিএকে না জানিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু পাহাড় কেটেছে ও লেক ভরাট করেছে।' 

তিনি আরও জানান, সংযোগ সড়ক তৈরির জন্য শর্ত অনুযায়ী দুই লাখ ৫০ হাজার ঘনফুট পাহাড়ের মাটি কাটার কথা থাকলেও প্রকৃতপক্ষে মাটি কাটা হয় ১০ লাখ ২৮ হাজার ৭০০ ঘনফুট। 'হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান' অনুযায়ী পাহাড়ের ঢাল ২৬ দশমিক ৬ ডিগ্রি কোণে কাটার বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ পাহাড় কাটা হয় ৯০ ডিগ্রি কোণে, খাড়াখাড়িভাবে। এ জন্য তাদের ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়।

শহরের যানজট কমাতে ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে সিডিএ। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে তাদের।

আরও পড়ুন

×