সেন্টমার্টিনে ট্রলারডুবিতে এখনও নিখোঁজ অর্ধশত
ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫০
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় অর্ধশত লোকের এখনও কোনো হদিস পাওয়া যায়নি। তাদের সন্ধানে গত দু'দিন ধরে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের এই সংখ্যা জানা গেছে। এ পর্যন্ত ১৫ জনের মরদেহ এবং ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারযাত্রীদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, গত সোমবার রাতে টেকনাফের বাহারছড়া নোয়াখালীয়াপাড়া উপকূলীয় ঘাট দিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। তাদের মধ্যে রোহিঙ্গা নারীর সংখ্যা ছিল বেশি। সেন্টমার্টিনের অদূরে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ড ও নৌবাহিনী তল্লাশি চালিয়ে ১৫ জনের মরদেহ এবং ৭৩ জনকে জীবিত উদ্ধার করে। আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানা বলেন, উদ্ধার যাত্রীদের ভাষ্য মতে, ট্রলারে ১৩৮ জন লোক ছিল। এ পর্যন্ত মৃত ও উদ্ধার মিলে ৮৮ জনের হদিস পাওয়া গেছে। বাকিদের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি জাহাজ, স্পিডবোট ও ট্রলার নিয়ে তল্লাশি অব্যাহত রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় গত বুধবার ১৯ মানব পাচারকারীর বিরদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- ট্রলারডুবি
- নিখোঁজ অর্ধশত
- সেন্টমার্টিন
