ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ার প্রতিশ্রুতি রেজাউলের

চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ার প্রতিশ্রুতি রেজাউলের
×

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১১:০৩

সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দলের মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেন তিনি। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা সভায় রেজাউল করিম সকলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে একটি বসবাসযোগ্য, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবেও গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এদিকে সভায় নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে রেলস্টেশন ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের মনোনয়ন চান ২০ জন। তাদের মধ্যে মনোনয়ন পান রেজাউল করিম চৌধুরী। ১৯ জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন বঞ্চিত হন। তাদের ইঙ্গিত করে সভায় রেজাউল করিম বলেন, 'মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সবাই যোগ্য ছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার আস্থার মর্যাদা রক্ষা করব। প্রতিদান দেব। জহুর আহমদ চৌধুরী, এমএ আজিজ, মহিউদ্দীন চৌধুরীর পথ অনুসরণ করব।' 

চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যদি জয়ী হতে পারি তাহলে সব সময় মানুষের পাশে থাকব। চট্টগ্রামে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা আরও এগিয়ে নিতে কাজ করব।

মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে মনোনয়নবঞ্চিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দলীয় প্রার্থী রেজাউল করিমের সংবর্ধনা সভা সফলে ভূমিকা রাখলেও তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সমকালকে বলেন, মেয়র নাছির উদ্দীনের মা বুধবার সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রামের বেসরকারি ম্যাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত থাকায় তিনি সভায় যোগ দিতে পারেননি।

আরও পড়ুন

×