পরিত্যক্ত ভবনে এসএসসি পরীক্ষা, ফ্যান পড়ে দুই পরীক্ষার্থী আহত
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার পরীক্ষার প্রথমদিন উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ফ্যান খসে পড়লে দু'জন আহত হয়। পরে পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তারা আবার পরীক্ষা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লেচপাতি খাতুন জানান, অনেক ভালো কক্ষ থাকতেও পরিত্যক্ত রুমে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, তা জানেন না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাসুদ করিম বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী সামান্য আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দেয়। তবে কেন পরিত্যক্ত কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে, তা তিনি এড়িয়ে যান।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন জানান, খবর পেয়ে পরবর্তী পরীক্ষাগুলো অন্য কক্ষে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
- বিষয় :
- এসএসসি পরীক্ষা
- পরিত্যক্ত ভবন
- আহত
- খুলনা
- ঝিনাইদহ
- শৈলকুপা
