ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যবহার অনুপযোগী চার ইউপি ভবন, ভোগান্তি

ব্যবহার অনুপযোগী চার ইউপি ভবন, ভোগান্তি
×

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের ভবনটি ব্যবহার অনুপযোগী হলেও ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম - সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২২:১৮

চকরিয়ায় ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে চারটিতে জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী ভবনে কার্যক্রম চলছে। একটি ইউপিতে নিজস্ব ভবনই নেই। ফলে উপজেলার পাঁচ ইউপির নিয়মিত কার্যক্রম পরিচালনায় অসুবিধার সঙ্গে ভোগান্তির শিকার হচ্ছেন সরকারি সেবাগ্রহীতারা।

জানা গেছে, পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় ওই পাঁচটি ইউপিতে ভবন নির্মাণের বিষয়টি ঝুলে গেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নেওয়া ইউপি ভবন নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে শিগগিরই ভবন নির্মাণ সম্ভব নয় বলে ইউপি চেয়ারম্যানদের জানানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাকারা, হারবাং, সাহারবিল, বদরখালী ইউনিয়ন পরিষদের ভবনগুলো বহু পুরোনো এবং বড় ধরনের সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবন জোড়াতালি দিয়ে কোনো রকমে কার্যক্রম চালানো হচ্ছে। ইতোমধ্যে চরম ঝুঁকির মুখে বদরখালী ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ঘোষিত হওয়ার পর থেকে কোনো ভবনই নেই। যে কারণে ঢেমুশিয়া ইউপির কার্যক্রমও চলছে একটি স্কুল ভবনে। চেয়ারম্যান মঈনুদ্দিন আহমদ চৌধুরী জানান, জনপ্রতিনিধি, সচিব ও স্টাফদের বসার জায়গাও নেই। সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, ছোটখাটো নানা সংস্কার ও জোড়াতালি দিয়ে চরম ঝুঁকি মাথায় নিয়ে ওই ভবনে পরিষদের নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা প্রকৌশলী জাহিদুল আলম চৌধুরী বলেন, এ পাঁচটি ভবন নির্মাণের প্রস্তাবনা সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ইউপি ভবনগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন

×