ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

নদীর তীরে পড়ে ছিল কিশোর, হাত-পা-মুখ বাঁধা

নদীর তীরে পড়ে ছিল কিশোর,  হাত-পা-মুখ বাঁধা
×

এভাবেই নদীর তীরে পড়ে ছিল আরিফুল -সমকাল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৩৭

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আরিফুল ইসলাম নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের জজ বাড়ির সামনে পরিত্যক্ত একটি নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

আরিফ বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, আরিফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করার চিহৃ রয়েছে। পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। 

আরিফুল ইসলাম জানায়, শনিবার স্কুল ছুটির পর দুপুর ২টার দিকে বরগুনা শহরে নুর লাইব্রেরিতে স্কুলের গাইড বই কিনতে যায় সে। এসময় দোকান বন্ধ পেয়ে বাড়িতে ফিরছিল। পরে রংধনু ক্লিনিকের সামনে আসলে পথের মধ্যে দু’জন যুবক তাকে মুখে রুমাল চেপে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

আরিফুল ইসলামের মা রিনা বেগম জানান, তার ছেলে বরগুনার উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বাসায় থেকে লেখাপড়া করে। শনিবার বাড়ি থেকে স্কুলে গিয়ে ক্লাস করে প্রধান শিক্ষকের বাসায় না যাওয়ায় তিনি (শিক্ষক) বিষয়টি পরিপারকে জানান। 

তিনি বলেন, এরপর থেকে ছেলেকে খুঁজতে থাকি। পরে রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা থানা থেকে আরিফকে উদ্ধার করার কথা জানতে পারি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, রাত ৮টার দিকে বেরিবাঁধ এলাকা থেকে স্থানীয়রা সংবাদ দিলে আরিফকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রের বুকে ব্লেড দিয়ে আঁচড়ানোর দাগ রয়েছে। ভিকটিম অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×