কক্সবাজারে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
কক্সবাজার অফিস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩০
কক্সবাজারে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল আলম ওরফে বাবুল (৩৮) একজন ইয়াবী ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি এসএম শাহজাহান কবীর জানান, নিহত নুরুল আলম ওরফে বাবুল কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা ছিল। বাবুল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে আটটি মামলা রয়েছে।
ওসি জানান, কিছুদিন আগে টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী নুর হাফেজের ভাগিনা নুরুল আলম ওরফে বাবুল।
তিনি জানান, রোববার দুপুরে কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকায় ঝাউবাগানের ঝোপের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়দের কাছ থেকে পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে মৃতদেহটির পাশ থেকে দেশীয় একটি বন্দুক, দুইটি গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হলে থানার রেকর্ড সূত্রে এবং স্থানীয়রা পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- কক্সবাজার
