ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

জলঢাকায় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও

জলঢাকায় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও
×

ফাইল ছবি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫২

নীলফামারীর জলঢাকায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত পর্যন্ত সেই খাতা উদ্ধার করা সম্ভব হয়নি। 

কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত অপরটি মানবিক বিভাগের সাধারণ বিজ্ঞান। ওই কেন্দ্রে পরীক্ষা দেয় মোট ১ হাজার ৩৩ জন। এর মধ্যে উচ্চতর গণিতে ৩১১ জন। সাধারণ বিজ্ঞানে ৭২২ জন। কেন্দ্রের ১১নং কক্ষে উচ্চতর গণিতে ৩৫জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে দায়িত্বরত শিক্ষকরা খাতা গুনে দেখেন ৩৪টি খাতা জমা পড়েছে। 

খাতা হারানোর পরীক্ষার্থীর নাম পংকোজ রায়। তিনি বলেন, আমি ম্যাডামের কাছে খাতা জমা দিয়েছিলাম। কিন্তু পরে শুনলাম খাতা পাওয়া যাচ্ছে না।  

কক্ষে দায়িত্বরত শিক্ষক মাধবী লতা ও মনোরঞ্জন রায় বলেন, ওই কক্ষে ৩৫ জন পরীক্ষা দিয়েছে। কিন্তু একটি খাতা পাওয়া যাচ্ছে না। 

কেন্দ্র সচিব আতাউর রহমান বিএসসি বলেন, বিষয়টি আমরা লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি। আগামী পরীক্ষা থেকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে মাধবীলতা ও মনোরঞ্জন রায়কে অব্যাহতি প্রদান করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, বিষয়টি দুঃখজনক। তবে ওই কেন্দ্রের পরীদর্শকরা এর দায়ভার এড়াতে পারেন না।

আরও পড়ুন

×