অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৫
ঝিনাইদহ শহরের নতুন হাটখোলার পুকুরপাড় ছাগলহাট এলাকায় স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সোহরাব হোসেন সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুন্নী আক্তার পিংকি (২৫) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহতের মা কাজল বেগম জানান, পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক করতে বাধ্য করেছিল সৌরভ। গত ৯ সেপ্টেম্বর আবারও ধর্ষণ করা হয়। এ ঘটনায় পিংকী ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে। পরে মীমাংসার পর সৌরভ পিংকিকে বিয়ে করে। বিয়ের পর থেকেই সৌরভের পরিবার পিংকিকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ি করার জন্য প্রায়ই মারধর করা হতো পিংকিকে।
তিনি আরও জানান, এরই জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি পিংকির কাছে দুই হাজার টাকা চায় সৌরভ। টাকা দিতে অস্বীকার করলে সে পিংকিকে মারধর করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় পিংকিকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। শনিবার রাতে পিংকি মারা যায়।
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা কাজল বেগম সদর থানায় মামলা করেছেন। পরে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করেছে।
